শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের দ্রুত বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় মহিলা পার্টি।
কর্মসূচি থেকে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং সারাদেশে শিশু ও নারীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি রামিসার খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
রাজধানীসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় মহিলা পার্টি। দলটির সাধারণ সম্পাদক জেসমিন নূর প্রিঙ্কা রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেছেন, এক রামিসাকে ঘিরে আজ পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে।
কিন্তু শুধু একটি ঘটনার প্রতিবাদ করলেই দায়িত্ব শেষ নয়। দেশের প্রতিটি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে একসঙ্গে জেগে উঠতে হবে। তিনি আরও বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। অপরাধীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের নৃশংসতা বন্ধ হবে না। কেবল একদিনের কর্মসূচি পালন নয়, নারী সমাজের অস্তিত্ব ও মর্যাদা রক্ষায় সবসময় সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
এদিকে জাতীয় মহিলা পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রীতু নূর বলেন, রামিসাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দেশের প্রতিটি শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। নেতৃবৃন্দ অবিলম্বে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে নারী-শিশু সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এদিকে রামিসা হত্যা মামলার তদন্ত সম্পন্ন করে চার্জশিট জমা দেওয়া হয়েছে। খুব দ্রুত, মাত্র ৫-৭ কর্মদিবসের মধ্যে বিশেষ আদালতের মাধ্যমে বিচার কাজ শেষ করার আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর অত্যন্ত দ্রুততার সাথে এই চার্জশিট প্রস্তুত করা হয়। সারাদেশে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠন রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে লাগাতার প্রতিবাদ ও মানববন্ধনে সোচ্চার রয়েছে।
কালের সমাজ/কে.পি

