গাইবান্ধার সচেতন শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে সমস্বরে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের মতো ভয়াবহ অভিশাপকে না জানিয়েছে। রোববার সকালে গাইবান্ধা সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের এক মানববন্ধন থেকে এসব অভিশাপকে না জানিয়ে অঙ্গীকার করেন তারা। গাইবান্ধা শহরের ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের সমন্বয়ক সাংবাদিক ময়নুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিক হাসান আকাশ, মোকছেদুল ইসলাম মারুফ, মুন্না মিয়া, মুশফিকুর রহমান রিফাত, শাকিল মিয়া, উৎসব কুমার, মরিয়ম আক্তার মায়া, তমাল কুমার, সুমাইয়া আক্তার, হাফছা খাতুন এবং সংহতি জানিয়ে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন।
বক্তারা বলেন, গাইবান্ধা শহর ও গ্রামাঞ্চলে মাদকদ্রব্য বিক্রি বেড়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর আরও বেশি তৎপরতা প্রয়োজন হয়ে পড়েছে। ঈদকে সামনে রেখে পৌরপার্কে ও স্টেডিয়াম এলাকায় বখাটেদের উৎপাত বেড়ে গেছে। বক্তারা বাল্যবিয়ে ও ইভটিজিং রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।
বক্তারা রামিসা ধর্ষণ ও খুনের দ্রুতবিচার নিশ্চিত করে নারী-শিশুর নিরাপত্তার দাবি জানান।
পরে শিক্ষার্থীদের একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
কালের সমাজ/কে.পি

