ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই ঘণ্টার ব্যবধানে জোড়া খুন, আটক ২

জেলা প্রতিনিধি, পিরোজপুর | মে ২৪, ২০২৬, ০৮:৩১ পিএম পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই ঘণ্টার ব্যবধানে জোড়া খুন, আটক ২

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে সংঘটিত এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ২ নম্বর ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফ (৩৫) নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে একই দিনে উপজেলার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নে রেডিমেড কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (২৬) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যা ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। দুটি হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

তিনি বলেন, “ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”
একই দিনে পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় মঠবাড়িয়াজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কালেরসমাজ/কে.পি

Link copied!