ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল

সাবেক এমপি বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মোহাম্মদ আলী সুমন | জুন ৯, ২০২৬, ১১:৫১ এএম সাবেক এমপি বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় বাহারকে ৪৯ নম্বর আসামি করা হয়েছে।

সোমবার সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় বাস ও মাইক্রোবাসযোগে এসে কয়েকশ নেতাকর্মী ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যেই এ কর্মসূচি পরিচালিত হয়।

ঘটনার পর অভিযান চালিয়ে মিছিল থেকে ৪৮ জনকে আটক করে পুলিশ। সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল পিয়াস এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়া রুমীর অর্থায়ন ও নির্দেশনায় মিছিলটি সংগঠিত হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে।

মামলায় ৫০ নম্বর আসামি হিসেবে ইসরাফিল পিয়াস এবং ৫১ নম্বর আসামি হিসেবে এহতেশামুল হক ভূঁইয়া রুমীর নাম উল্লেখ করা হয়েছে। তাদের পলাতক দেখানো হয়েছে। আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ৪৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!