ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৯/৬/২৬) সকাল ১০ টায় নবীনগরের ভোলাচং (প.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "মা" সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রথম প্রান্তিক মুল্যায়ণ পরীক্ষার ফলাফলের উপর শিক্ষার মানোন্নয়নে মায়েদের সাথে এক মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেনের সভাপতিত্বে এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষক ঈমাম হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সদস্য মো. নাছির চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রাজিব দাস, বিশিষ্ট ব্যবসায়ী বাপন দাস রাধাবল্লভ পাল প্রমূখ। এ সময় বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের মায়েরা উপস্থিত ছিলেন।
মো. নাছির চৌধুরী তার বক্তব্যে বলেন- আগে আমাদের সন্তানদের পারিবারিক শিক্ষা নিশ্চিত করতে হবে। ভালো রেজাল্ট করলেই সন্তান ভালো হয় না। শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে তৈরি করতে- মনুষ্যত্ব, দেশপ্রেম এবং দেশের কল্যাণে মানুষকে কি ভাবে ভালবাসতে হয় সে শিক্ষা দিতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে সেটা প্রত্যেক অভিভাবককে খেয়াল রাখতে হবে।
রাজিব দাস বলেন-"যারা অর্থের জন্য শিক্ষার্থীদের খাতা কলম কিনে দিতে পারছেন না তারা আমার সাথে যোগাযোগ করলে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।" সভাপতি তাঁর বক্তব্যে বলেন- আপনার সন্তানেরা মাত্র ২ থেকে ৩ ঘন্টার জন্য আমাদের নিকট থাকে। বাকি সময় আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে সেটা আপনারা খেয়াল রাখবেন। অবশ্যই বিকেল বেলা শিক্ষার্থীদের খেলাধুলার জন্য পাঠাবেন এতে এদের ব্রেইন সার্প থাকবে এবং লেখাপড়ায় আরো মনযোগী হবে।
কালের সমাজ/কে.পি

