ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের বারৈইডাঙ্গী খাল ও রাস্তার সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ, ভাড়া প্রদান এবং দখলকৃত জায়গা বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছে। স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজার সংলগ্ন খাল ও রাস্তার সরকারি জায়গা দখল করে কেউ পাকা দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন। আবার কেউ সেই দোকানঘর ভাড়া দিয়ে নিয়মিত অর্থ আদায় করছেন। এছাড়া কয়েকজন ব্যক্তি দোকানঘরসহ সরকারি জায়গার দখল অন্যদের কাছে বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে। এদিকে সরকার খাল খনন কার্যক্রম শুরু করেছে। অপরদিকে চলছে খাল দখল।
খালের জায়গা সংকুচিত হয়ে পড়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এলাকাবাসীর মতে, সরকারি জায়গা দখলমুক্ত না করা হলে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে না। পাশাপাশি রাস্তার জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কারণে জনসাধারণের চলাচলেও বিঘ্ন ঘটছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে সরকারি খাল ও রাস্তার জায়গা দখলমুক্ত করে অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সরকারি সম্পত্তি রক্ষা এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা যায়।
কালের সমাজ/কে.পি

