ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যা:

আসামিদের বাড়ি-ঘরে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

কালের সমাজ ডেস্ক | জুন ৯, ২০২৬, ০৩:২৩ পিএম আসামিদের  বাড়ি-ঘরে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩
সংগৃহীত ছবি

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। এর আগে সোমবার (৮ জুন) বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন বিকেলে ভাঁড়ারা ইউনিয়নের পিরপুর এলাকায় পদ্মা নদী থেকে এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ৪ জুন মরদেহ দাফনের পর উত্তেজিত জনতা ধর্ষণ ও হত্যাকাণ্ডের আসামিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

অগ্নিকাণ্ডের সময় বাড়িগুলোতে আসামিপক্ষের কেউ উপস্থিত ছিলেন না। তবে আগুন লাগার পর ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশের কয়েকজন প্রতিবেশী ও ঘটনাস্থলে জড়ো হওয়া উৎসুক মানুষ দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সোমবার একজন এবং মঙ্গলবার আরও দুইজন মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তার কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আসামিরা কিশোরীকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। মামলার তদন্ত চলছে।

কালের সমাজ/এএইচবি 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!