ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিফা বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রে খেলা হলেও অন্য দেশে অনুশীলন করবে ইরান

স্পোর্টস ডেস্ক | মে ২৪, ২০২৬, ১২:১১ পিএম যুক্তরাষ্ট্রে খেলা হলেও অন্য দেশে অনুশীলন করবে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরানের আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা কেটে গেছে। দেশটি খেলবে বিশ্বকাপের এবারের আসরে এবং তাদের সবগু ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। তবে তাদের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রে নয়, বরং এবারের আসরের আরেক আয়োজক দেশ মেক্সিকোতে থাকবে।

শনিবার (২৩ মে) ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ এক বিবৃতিতে জানান, তাদের বিশ্বকাপের প্রশিক্ষণ ঘাঁটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেয়ার অনুমোদন দিয়েছে ফিফা। বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো নিজ নিজ ক্যাম্পে ম্যাচের আগে ও পরে অনুশীলন করবে।

দেশটির ফেডারেশন জানিয়েছে, সান ডিয়েগোর ঠিক দক্ষিণে মেক্সিকোর তিজুয়ানায় তাঁবু বসাবে তাদের দল। তবে বিশ্বব্যাপী ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে এই পরিবর্তনের বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

তাজ এক বিবৃতিতে বলেন, ‘বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর সব দলের বেস ক্যাম্প অবশ্যই ফিফার অনুমোদিত হতে হবে। সৌভাগ্যবশত, আমাদের অনুরোধের প্রেক্ষিতে এবং ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর, পাশাপাশি গতকাল তেহরানে ফিফা মহাসচিবের সঙ্গে ওয়েবিনার বৈঠক শেষে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে দলের ক্যাম্প সরিয়ে নেয়ার অনুরোধ অনুমোদন করা হয়েছে।’

ইরান ‘জি’ গ্রুপের ম্যাচ খেলবে ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে। এই ভেন্যুতে ১৫ ও ২১ জুন তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও বেলজিয়াম। তারপর ইরান ওয়াশিংটনের সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ২৬ জুন।

দেশটির ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেস ক্যাম্প সরানোর ফলে সম্ভাব্য ভিসা জটিলতারও অবসান ঘটবে। প্রেসিডেন্ট বলেছেন, ইরান এয়ার ফ্লাইটে করে তারা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া আসা করবে। এই আসরে অংশ নেয়ার মাধ্যমে টানা চতুর্থ ও সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপে খেলবে ইরান। তবে কখনও তারা প্রথম রাউন্ড পার করতে পারেনি। 

কালের সমাজ/এসআর

Link copied!