বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই, আর ঠিক এই মুহূর্তে এক মহাকাঁপুনে আতঙ্কে শিউরে উঠেছিল পুরো আর্জেন্টিনা! উয়েফা ইউরোপা লিগের ফাইনাল ম্যাচে ভাঙা আঙুল নিয়ে খেলেছেন বিশ্বজয়ীদের গোলরক্ষক এমিলিয়ানো `দিবু` মার্তিনেস, তার নিজের এই বিস্ফোরক স্বীকারোক্তির পর আর্জেন্টিনার ফুটবল মহলে রীতিমতো সাইরেন বাজতে শুরু করেছিল।
শিরোপা ধরে রাখার মিশনের আগে আলবিসেলেস্তেদের সবচেয়ে বড় প্রাচীরের এমন চোটের খবরে কোচ লিওনেল স্কালোনি এবং তাঁর সাঙ্গপাঙ্গদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল।
তবে চিলতে মেঘ কেটে গিয়ে আর্জেন্টিনার আকাশে এখন স্বস্তির সূর্য। আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বস্ত ইনসাইডার গ্যাস্তোন এদুল এক খবরের মাধ্যমে কোটি ভক্তের বুক থেকে পাথর নামিয়েছেন। তিনি জানান, মার্তিনেসের আঙুলের মেডিকেল স্ক্যান রিপোর্টে দেখা গেছে, চোটটি আসলে একটি `হেয়ারলাইন ফ্র্যাকচার` এবং ভাগ্যবশত এর জন্য কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হবে না।
চিকিৎসকদের মতে, অ্যাস্টন ভিলার এই গোলকিপারকে মাঠের বাইরে প্রায় ২০ দিনের মতো পুনর্বাসনে থাকতে হবে। আর এর অর্থ হলো, উত্তর আমেরিকায় আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে গ্লাভস হাতে পোস্টের নিচে দাঁড়াতে পারবেন `দিবু`।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী ১৬ জুন (মঙ্গলবার) অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মুকুট ধরে রাখার লড়াই শুরু করবে।
বিশ্বকাপের মূল মঞ্চে মার্তিনেসকে পাওয়া নিশ্চিত হলেও, ঠিক আগমুহূর্তের প্রস্তুতি ম্যাচগুলোতে স্কালোনি তাঁর এই প্রধান অস্ত্রকে পাচ্ছেন না। আঙুলের চোটের কারণে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ভিলার মৌসুমের শেষ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সাইডলাইনে বসে থাকতে হবে তাঁকে।
একই সাথে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের ওয়ার্ম-আপ বা প্রস্তুতি ম্যাচগুলো থেকেও ছিটকে গেছেন এই তারকা। আগামী ৬ জুন কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নামবে স্কালোনির দল। এর ঠিক তিন দিন পর, ৯ জুন জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে মাঠের প্রস্তুতি সারবে বর্তমান চ্যাম্পিয়নরা। এই দুটি ম্যাচেই মার্তিনেসকে বিশ্রামে রেখে দলের ব্যাক-আপ গোলরক্ষকদের বাজিয়ে দেখে নিতে হবে আর্জেন্টাইন কোচকে।
আঙুল ভাঙার ধাক্কা সামলে `দিবু` যেভাবে বিশ্বকাপের ঠিক আগে ফেরার বার্তা দিলেন, তাতে তাঁর অদম্য মানসিকতাই প্রকাশ পায়। আলজেরিয়ার স্ট্রাইকারদের রুখে দিতে ১৬ জুনের রণক্ষেত্রে মার্তিনেসের হুঙ্কার শোনার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।
কালের সমাজ/এসআর

