ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া পলিথিন বিক্রি-মজুত করলে ছাড় নয়’ জেলা পরিষদ প্রশাসকের হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৬:৪৬ পিএম ব্রাহ্মণবাড়িয়া  পলিথিন বিক্রি-মজুত করলে ছাড় নয়’ জেলা পরিষদ প্রশাসকের হুঁশিয়ারি

পরিবেশ রক্ষা ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনবিরোধী সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে রোববার সকালে শহরের জগৎ বাজারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ নিজ হাতে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে পলিথিনের ব্যবহার বন্ধে তাদের সহযোগিতা কামনা করেন। সিরাজুল ইসলাম সিরাজ বলেন, পলিথিনের নির্বিচার ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। 

পলিথিন সহজে মাটিতে মিশে না যাওয়ায় এটি দীর্ঘদিন পরিবেশে থেকে যায়। ফলে মাটি, পানি ও জলাবদ্ধতাসহ বিভিন্ন পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়। তিনি বলেন, সাধারণ মানুষ সচেতন হয়ে পলিথিনের ব্যবহার বন্ধ করলে এবং ব্যবসায়ীরা পলিথিন কেনা, বিক্রি ও সরবরাহ থেকে বিরত থাকলে এর ব্যবহার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য পলিথিনের পরিবর্তে পাট, কাপড় ও কাগজের তৈরি পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানান তিনি। ব্যবসায়ীদের উদ্দেশে জেলা পরিষদ প্রশাসক আরও বলেন, “আজকে আমরা সতর্কবার্তা দিয়ে যাচ্ছি। আগামীতে কোনো দোকানদার পলিথিন ব্যবহার, বিক্রি বা মজুত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, শুধু অভিযান বা আইন প্রয়োগের মাধ্যমে পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এজন্য ব্যবসায়ী, ক্রেতা, সাধারণ জনগণসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এ সময় বাজারের ব্যবসায়ীরা পলিথিনবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশ রক্ষায় জেলা পরিষদের কর্মসূচিতে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি জনসচেতনতা 

বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের প্রচারণা চালানোর দাবি জানান তারা। কর্মসূচিতে সামাজিক সংগঠন ‘ঢেউ’ nnঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’ ও ‘নোঙর’-এর নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। তারা বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে তাদের অবহিত করেন।
সংশ্লিষ্টরা বলেন, পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার কমানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। বাজারে ক্রেতাদের হাতে পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাগ তুলে দেওয়া এবং ব্যবসায়ীদের বিকল্প ব্যাগ ব্যবহারে উৎসাহিত করার মাধ্যমে ধীরে ধীরে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে আনা সম্ভব। কর্মসূচির মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পলিথিনবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!