ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে রামদা ও চাইনিজ কুড়ালসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দুইজনসহ অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে কসবা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌরাস্তার মোড় সংলগ্ন ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কসবা থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর-৮৬৩, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সূত্র ধরে এসআই মো. নুরুন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা কয়েকজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিল্লাল হোসেন (৪২), জুনায়েদ মিয়া (২০), রাজু (২১), রুমান ভূইয়া (২৭), মনির ওরফে কসাই মনির (৩০) এবং সুজন মিয়া (৫৫)। তারা কসবা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে তিনটি কাঠের বাটযুক্ত রামদা ও তিনটি কালো রঙের চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এছাড়া পালিয়ে যাওয়া ও অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া আরও দুটি রামদা উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে ৮টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
এ ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে। কসবা থানার মামলা নম্বর-২৮, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬; মামলায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
কালের সমাজ/কে.পি

