ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ধর্মমন্ত্রী কায়কোবাদের

আমিনুল ইসলাম আহাদ | অক্টোবর ১১, ২০২৬, ০৫:৪৩ পিএম রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ধর্মমন্ত্রী কায়কোবাদের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। একই সঙ্গে হামলায় আহত বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

হামলায় বাংলাদেশি নাগরিকসহ হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও আবেগের স্থান। দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা সমগ্র মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। সৌদি আরবের ওপর যেকোনো ধরনের হামলা মুসলিম বিশ্ব কখনোই মেনে নেবে না।

ধর্মমন্ত্রী হামলায় ক্ষতিগ্রস্ত উমরাহ কাফেলার জিম্মাদার মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি আহত বাংলাদেশিদের চিকিৎসা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এর আগে শনিবার রাতেও উমরাহযাত্রীদের নিরাপদ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করেন বলে জানানো হয়েছে।

তিনি বলেন, পবিত্র ভূমিতে আগত আল্লাহর মেহমানদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরীহ মানুষ ও উমরাহযাত্রীদের জীবন বিপন্ন করে এমন কোনো সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে এবং সহিংসতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিতে হবে।

ধর্মমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও উমরাহযাত্রীদের নিরাপত্তা, চিকিৎসা, আবাসন এবং পবিত্র মক্কা ও মদিনায় নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, “আল্লাহর মেহমানদের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”

তিনি আরও বলেন, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আহত বাংলাদেশিদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশটিতে অবস্থানরত অন্যান্য বাংলাদেশি নাগরিক ও উমরাহযাত্রীদের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

উমরাহযাত্রীদের চিকিৎসা সহায়তা, নিরাপদ আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় সৌদি আরব সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালের সমাজ/এসআর

Link copied!