বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ছুটি শুরুর ও শেষের তারিখে ভিন্নতা রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে। ছুটি শেষ হবে ২৯ ডিসেম্বর।
এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ছুটি ভোগ করবে। এ ছাড়া ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের ছুটি রয়েছে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি থাকবে।
মাধ্যমিক বিদ্যালয়েও ১২ দিনের ছুটি
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে।
ছুটি শুরুর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় এ স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানেও টানা ১২ দিনের ছুটি মিলবে।
কলেজে ছুটি ১৮ দিন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বিজয় দিবস থেকে শুরু করে সাপ্তাহিক ছুটিসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাবেন।
কালের সমাজ/কে.পি

