ক্রিকেটে অনেক রেকর্ডই বছরের পর বছর অক্ষত থাকে। ব্যাটে-বলে কত তারকার আগমন ঘটে, কিন্তু কেউ কেউ সেই রেকর্ডের ধারেকাছেও যেতে পারেন না। এবার তেমনই এক রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ বছর। এরই মধ্যে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়েছেন। এবার তার লক্ষ্য টি-টোয়েন্টির এক ইনিংসে ২০০ রান করা। আর সেই পথে পেছনে ফেলতে চান ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলকে।
সম্প্রতি এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলেছেন সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ২৮ বলে শতক এবং ৫২ বলে দ্বিশতক পূর্ণ করেন এই তরুণ ব্যাটার। এবার টি-টোয়েন্টিতেও বড় কিছুর অপেক্ষায় তিনি।
সম্প্রতি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে ‘দ্য সুইচ’ অনুষ্ঠানের এক পর্বে নিজের লক্ষ্যের কথা জানান সূর্যবংশী। পিটারসেনকে তিনি বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চাই।’
তখন তাঁকে ক্রিস গেইলের রেকর্ডের কথা মনে করিয়ে দেন পিটারসেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি গেইলের দখলে। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও সেই রেকর্ড ভাঙতে পারেননি কেউ।
তবে গেইলের রেকর্ড ভাঙতে আত্মবিশ্বাসী সূর্যবংশী। পিটারসেনের কথার জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি তাঁর রেকর্ড ভেঙে ২০০ রান করতে চাই। কোনো ম্যাচে যদি ২০ ওভার ব্যাটিং করার সুযোগ পাই, তাহলে নিশ্চিতভাবেই সেই রেকর্ড ভাঙতে পারব।’
আইপিএল ও বয়সভিত্তিক ক্রিকেটে আগ্রাসী ব্যাটিং দিয়ে এরই মধ্যে নজর কেড়েছেন সূর্যবংশী। এবার তাঁর লক্ষ্য টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়া। মাত্র ১৫ বছর বয়সেই গেইলের মতো কিংবদন্তির রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন তিনি। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারেন কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।
কালের সমাজ/এসআর

