ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, ইসিজি-ইকো পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়ম

জেলা প্রতিনিধি, কুমিল্লা | নভেম্বর ২৫, ২০২৬, ১০:০৯ পিএম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, ইসিজি-ইকো পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়ম

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের কাছ থেকে ইসিজি ও ইকো পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়, সরকারি ওষুধের মজুতে গরমিল এবং কেনাকাটায় অস্বাভাবিক বেশি দাম দেখিয়ে সরকারি অর্থ অপচয়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ নভেম্বর) পরিচালিত এ অভিযানে হাসপাতালের বিভিন্ন বিভাগে একাধিক অনিয়মের প্রাথমিক তথ্য ও প্রমাণ পেয়েছে দুদক।

দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশনায় দুদক কুমিল্লার একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. এমরান হোসেন। দলের অন্য সদস্যরা ছিলেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা।

দুদক সূত্রে জানা যায়, অভিযান শুরুর আগে কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের পরিবেশ ও চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র যাচাই করেন।

অভিযানে সবচেয়ে বেশি অনিয়মের তথ্য পাওয়া যায় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইসিজি কার্যক্রমে। সেখানে দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান প্রতিটি ইসিজির জন্য রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নিলেও নিয়মিত রশিদ দিতেন না বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক। ছোট ছোট সাদা কাগজে টোকেনের মাধ্যমে টাকার হিসাব রাখা এবং দিন শেষে নিজের সুবিধামতো ৩০ থেকে ৫০ জন রোগীর নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত করার তথ্য পাওয়া যায়।

দুদকের পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করালেও রেজিস্টারে নিয়মিত মাত্র ৪০ থেকে ৪৫ জনের নাম লিপিবদ্ধ করা হতো। বাকি রোগীদের কাছ থেকে আদায় করা অর্থের হিসাব সরকারি নথিতে পাওয়া যায়নি। এ সময় সংশ্লিষ্ট কর্মচারীর ড্রয়ার থেকে টাকা জমার রশিদ বই উদ্ধার করা হয়। রোগীদের ইসিজি রিপোর্ট, রেজিস্টার ও রশিদ বই যাচাই করেও অসংগতি শনাক্ত করেন দুদক কর্মকর্তারা।

অন্যদিকে, হাসপাতালের ইকো কার্ডিও রুমে সরকারি নির্ধারিত ২০০ টাকা ফির বাইরে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগেরও প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের কর্মকর্তারা দেখতে পান, নির্ধারিত ফির অতিরিক্ত টাকা দেওয়া রোগীদের তাৎক্ষণিক ইকো পরীক্ষা করানো হচ্ছে। অথচ সাধারণ রোগীদের পরীক্ষার জন্য দুই থেকে চার দিন পরের তারিখ দেওয়া হচ্ছে। এ বিষয়ে রোগীদের বক্তব্যও গ্রহণ করেন কর্মকর্তারা।

হাসপাতালের বহির্বিভাগের ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার যাচাই করেও অনিয়ম পাওয়া যায়। নিয়মিত স্টক রেজিস্টার হালনাগাদ না করার পাশাপাশি বাস্তব মজুতের সঙ্গে নথির হিসাবে গরমিল শনাক্ত হয়। উদাহরণ হিসেবে মন্টিলুকাস্ট ওষুধের রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা থাকার কথা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া যায় ২৫ হাজার ৬০০ পাতা। অর্থাৎ এক হাজার পাতার ঘাটতি রয়েছে।

হাসপাতালের কেন্দ্রীয় ওষুধ স্টোর পরিদর্শনেও বড় ধরনের অসংগতি ধরা পড়ে। স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে ওষুধের মজুত যাচাই করে রেজিস্টারের সঙ্গে বাস্তব হিসাবের ব্যাপক পার্থক্য পাওয়া যায়। একটি ওষুধের ক্ষেত্রে রেজিস্টারে ২৪ হাজার ২৬৫টি থাকার কথা থাকলেও গণনায় এসকেএফ ব্র্যান্ডের ১৪ হাজার ৩১৮টি এবং বিকন ব্র্যান্ডের ৩ হাজার ২৯১টি পাওয়া যায়। বাকি ওষুধের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট স্টোর কিপার।

এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় ১৯ হাজার ১০০টি। এতে প্রায় এক হাজার ইনজেকশনের ঘাটতি শনাক্ত হয়।

অভিযানে আরও দেখা যায়, হাসপাতালের স্টোরে থাকা কয়েক ধরনের ইনজেকশন ও ওষুধের প্যাকেটে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিতকরণ, সিল কিংবা প্রয়োজনীয় নির্দেশনা নেই। এতে ওষুধ সরবরাহ, গ্রহণ ও সংরক্ষণ প্রক্রিয়ায় অনিয়মের পাশাপাশি সরকারি ওষুধ বাইরে বিক্রি বা আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে দুদক।

এদিকে, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটায়ও বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক বেশি দাম দেখানোর তথ্য পেয়েছে দুদক। মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা বিভিন্ন পণ্যের চালান ও বাজারমূল্য যাচাই করে এ অসংগতি শনাক্ত করা হয়।

দুদকের তথ্য অনুযায়ী, বাজারে ৬০ টাকা মূল্যের সাবান কেনা হয়েছে ৮৯ টাকা দরে। ১৪০ টাকা মূল্যের ৫০০ মিলিলিটার টয়লেট ক্লিনারের দাম দেখানো হয়েছে ২৪৯ টাকা। ২০০ টাকার ফিনাইল কেনা হয়েছে ৩৯৯ টাকায়। ২৫ টাকা মূল্যের টয়লেট টিস্যুর দাম ধরা হয়েছে ৬৯ টাকা এবং ১০০ টাকা বাজারমূল্যের হ্যান্ডওয়াশ কেনা হয়েছে ১৯০ টাকা দরে। একইভাবে ওয়াশিং পাউডার, প্লাস্টিকের বদনা, পানির জগসহ বিভিন্ন পণ্যেও বাজারমূল্যের চেয়ে বেশি দাম দেখানোর তথ্য পাওয়া গেছে।

দুদকের প্রাথমিক পর্যবেক্ষণে, এসব পণ্য কেনাকাটায় দেড় থেকে তিন গুণ পর্যন্ত বেশি দাম নির্ধারণের মাধ্যমে সরকারি অর্থের অপচয় ও আত্মসাতের আশঙ্কা রয়েছে।

অভিযান শেষে দুদক জানায়, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব নথি সরবরাহের জন্য সময় চেয়েছেন। প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে।

দুদক আরও জানিয়েছে, অভিযানে উঠে আসা অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা তদন্ত ও প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!