ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

টপ লেডি পেঁপে চাষে ঈশ্বরদীর শাহিনের স্বপ্ন ভঙ্গ

ঈশ্বরদী (পাবনা) | নভেম্বর ২৫, ২০২৬, ১০:০২ পিএম টপ লেডি পেঁপে চাষে ঈশ্বরদীর শাহিনের স্বপ্ন ভঙ্গ

পাবনার ঈশ্বরদী  উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে জাতীয় পদক প্রাপ্ত কৃষক শাহিনুজ্জামান শাহিনের পেঁপে বাগানে বৃষ্টি ও বাতাসে গাছ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।

পেঁপে বাগানে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফলন এসেছে। বাজারজাত করার জন্য শ্রমিকরা পেঁপে সংগ্রহ করছেন। নতুন ভাবে তিন বছর ধরে তিনি টপ লেডি জাতের পেঁপে বাগান করেছেন। পেঁপের পাশাপাশি সাথী ফসল হিসেবে মরিচ, কলা, কাকরসহ বিভিন্ন শাক-সবজি চাষ করেছেন তিনি।

পেঁপে চাষি শাহিনুজ্জামান শাহিন সাহাপুরের মহাদেবপুর গ্রামের ইমান সরদারের ছেলে। পেঁপে চাষের পাশাপাশি তিনি পেঁয়াজ, গাজর, বেগুন, মুলা, কলা ও ক্যাপসিকাম চাষ করেন। এরই মধ্যে সফল চাষি হিসেবে ২০২৩ সালে কৃষিতে জাতীয় পদক অর্জন করেন।

পেঁপে চাষি শাহিনুজ্জামান শাহিন বলেন, ছয় বিঘা জমিতে
টপ লেডি জাতের পেঁপে চাষ করেছি। এতে প্রায় ৫ লক্ষ টাকা খরচ হয়েছে। বাগান পরিচর্যা, আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ও শ্রমিক খরচে প্রতি বছর ব্যয় হয় প্রায় পাঁচ লক্ষ টাকা। সাথী ফসল বিক্রি করে পরিচর্যার ব্যয় অনেকটাই ফেরত আসে। বাগানে টপ লেডি জাতের পেঁপে চাষ করা হয়েছে।

তিনি বলেন, টপ লেডি জাতের পেঁপে সুস্বাদু বাজারে চাহিদা অনেক বেশি দামও ভালো পাওয়া যায়। এবার গাছে ফলনও এসেছিল বেশ ভালো। ইতোমধ্যে বাগান থেকে প্রায় দুই লক্ষ টাকার পেঁপে বিক্রি করেছি। ধারণা করেছিলাম ছয় বিঘার বাগান থেকে ৩০ লক্ষ টাকার পেঁপে বিক্রি হবে। কিন্তু বৈরী আবহাওয়া বৃষ্টি ও বাতাসে বাগানের বেশির ভাগ পেঁপে গাছের মাথা ভেঙে গেছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মাসুদ রানা বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এখন দেশে পেঁপের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, খরাকালীন চৈত্র-বৈশাখে পেঁপের চাহিদা বেশি থাকায় দামও বেড়ে যায়। কৃষক শাহিনুজ্জামান শাহিনকে বিএডিসির সেচ বিভাগ থেকে সৌরশক্তি চালিত ডাগওয়েল (পাতকুয়া) সরবরাহ করায় খরা মৌসুমসহ কখনোই গাছে পানির সমস্যা হচ্ছে না। যে কারণে তিনি সব সময় ভালো ফলন পেয়ে লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, জাতীয় পদপ্রাপ্ত কৃষক শাহিন ছয় বিঘা জমিতে টপ লেডি
জাতের পেঁপে চাষ করেছেন। টপ লেডি জাতের পেঁপে খেতে মজা এবং সুস্বাদু। বাজারে এই পেঁপের ব্যাপক চাহিদা রয়েছে। অন্য জাতের পেঁপের চেয়ে কৃষক তুলনামূলক দাম একটু বেশি পেয়ে থাকে।

শাহিনের বাগানে পেঁপে গাছে প্রচুর ফল ধরেছিলো। ফলের ভারে বাতাসে কিছু গাছের মাথা ভেঙে গিয়েছে। অবশিষ্ট গাছে খুটি দিতে বলেছি। এছাড়া উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বক্ষনিক কৃষকদের কারগরি পরামর্শ দিয়ে যাচ্ছি যেন নির্বিঘ্নে চাষ করতে পারে।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!