ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বামনী ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২৫, ২০২৬, ০৮:৫৩ পিএম বামনী ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বামনী ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সারাদিনব্যাপী কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বামনী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এ টি এম ফিরোজ আলমের সভাপতিত্বে এবং কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহিদা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্যের সহধর্মিণী জ্যোৎস্নারা বেগম এবং বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম বাহার।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ফখরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার মাধ্যমেই একটি আলোকিত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। নবীন শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা। কোম্পানীগঞ্জের শিক্ষাঙ্গনের মানোন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন বামনী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, “শিক্ষার্থীদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বামনী ডিগ্রি কলেজ পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই নবীনবরণ ও কৃতি সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতা ও নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি।”

সংবর্ধিত ও নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, “নতুন পরিবেশে এমন আন্তরিক বরণ এবং কৃতিদের এই সম্মাননা আমাদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী ও দায়িত্বশীল করে তুলেছে। শিক্ষকদের দিকনির্দেশনা ও অভিভাবকদের সহযোগিতায় আমরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে কলেজ ও এলাকার সুনাম অক্ষুণ্ন রাখতে চাই।”

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!