ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেষ্ঠ ইউএনওর উপজেলায় হাট ব্যবস্থাপনার বেহাল দশা

জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ | নভেম্বর ২৩, ২০২৬, ০৫:০৮ পিএম শ্রেষ্ঠ ইউএনওর উপজেলায় হাট ব্যবস্থাপনার বেহাল দশা

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনওর সম্মাননা পেয়েছেন তিনি। কিন্তু তাঁর দায়িত্বে থাকা মানিকগঞ্জের শিবালয় উপজেলার ১৯টি হাট-বাজারের ব্যবস্থাপনায় চিত্র একেবারেই ভিন্ন। কোথাও নেই অনুমোদিত খাজনার তালিকা, অধিকাংশ হাটে নেই ব্যবস্থাপনা কমিটি। ৯টি হাটের পেরিফেরির নথিও নেই। ইজারার কোটি কোটি টাকার বণ্টন ও উন্নয়ন ব্যয়ের হিসাব নিয়েও রয়েছে প্রশ্ন। সব মিলিয়ে পুরস্কারের স্বীকৃতির পাশে হাট ব্যবস্থাপনায় প্রশাসনিক তদারকির ঘাটতি নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি ১৯টি হাট-বাজার এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। এসব হাটের মোট ইজারামূল্য ৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ৮০ টাকা। এর ২০ শতাংশ হিসাবে ৯৩ লাখ ৩০ হাজার ১৬ টাকা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, মহল্লাদার ও দফাদারদের বেতন-ভাতার জন্য বরাদ্দের কথা। ৭ কর্মদিবসের মধ্যে নির্দিষ্ট একাউন্টে টাকা জমা দেওয়ার নিয়ম  কিন্তু ছয় মাসেও এ অর্থ জমা হয়নি। উপজেলা প্রশাসনের উপপ্রশাসনিক কর্মকর্তা মোঃ রকিবুল হাসান জানান, কোন কোডে টাকা পাঠাতে হবে, তা বুঝতে না পারায় অর্থ পাঠানো হয়নি।

হাট উন্নয়ন খাতের ২০ শতাংশ অর্থের হিসাবও স্পষ্ট নয়। তথ্য অধিকার আইনে আবেদন করেও নির্ধারিত সময়ে তথ্য পাওয়া যায়নি। ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি, ইজারার নির্ধারিত ৫ শতাংশ অর্থ তাঁরা পাননি। ইউএনও মনীষা রানী কর্মকার অবশ্য দাবি করেছেন, তাঁদের নামে চেক ইস্যু করা হয়েছে।

সরেজমিনে বরংগাইল ও আরিচা গরুর হাটে খাজনার অনুমোদিত তালিকা পাওয়া যায়নি। ফলে ক্রেতা-বিক্রেতারা জানেন না, কোন পণ্যে বা পশুতে সরকার নির্ধারিত খাজনা কত। বরংগাইল হাটের পেঁয়াজ বিক্রেতা মুন্নাফের অভিযোগ, ৪০ কেজিতে মণ হওয়ার কথা থাকলেও তাঁদের কাছ থেকে ৪২ কেজিতে মণ নেওয়া হচ্ছে। আরিচা গরুর হাটেও অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ রয়েছে।

হাটের সীমানা নির্ধারণ করে বুঝিয়ে না দেওয়ায় কোনো কোনো হাট বসছে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে। এতে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ ব্যাহত হচ্ছে। অধিকাংশ হাটে পর্যাপ্ত টয়লেট, ড্রেনেজ ও পরিচ্ছন্নতার ব্যবস্থাও নেই।

হাট ব্যবস্থাপনা কমিটি সম্পর্কে ইউএনও বলেন, কমিটি স্বয়ংক্রিয়ভাবে হয়েছে। তবে তাঁর দপ্তরে কমিটির তালিকা নেই। এটি তাঁর দপ্তরের কাজ নয় বলেও জানান তিনি। টোলের তালিকা না থাকার বিষয়ে তাঁর বক্তব্য, হাটগুলোর নির্দিষ্ট টোল নির্ধারণ করা নেই। ইজারাদাররা নিজেদের মতো খাজনা আদায় করেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সাফল্যের জন্য ঢাকা বিভাগের ৮৯ উপজেলার মধ্যে প্রথম হয়ে সম্মাননা পাওয়া ইউএনওর উপজেলায় হাট ব্যবস্থাপনার এমন চিত্র স্থানীয়দের মধ্যে প্রশ্ন তুলেছে। প্রশাসনিক স্বীকৃতি থাকলেও হাটের সাধারণ ক্রেতা-বিক্রেতারা কেন নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা পাচ্ছেন না, তার জবাব নিয়ে জনমতে সংশয় সৃষ্টি হয়েছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!