ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী চমক

বিনোদন ডেস্ক | নভেম্বর ২৩, ২০২৬, ১২:৫০ পিএম সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী চমক

মিস ইউনিভার্সের মঞ্চে নিজের মতো করে বাংলাদেশকে তুলে ধরছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার একের পর এক পর্বে ভিন্নধর্মী সাজ ও উপস্থাপনায় নজর কাড়ছেন তিনি। এবার সুইমস্যুট পর্বেও প্রচলিত ধারার বাইরে গিয়ে আলোচনায় এলেন বাংলাদেশের এই প্রতিযোগী। অন্যদের মতো বিকিনি কিংবা সাঁতারের পোশাক বেছে না নিয়ে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে মঞ্চে হাজির হয়েছেন মাহি। তার এই ব্যতিক্রমী উপস্থিতি ইতিমধ্যে প্রশংসা কুড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং পর্ব সুইমস্যুট রাউন্ড। এই পর্বে সাধারণত প্রতিযোগীরা বিকিনি বা সাঁতারের পোশাকে নিজেদের আত্মবিশ্বাস ও শারীরিক সৌন্দর্য তুলে ধরেন। তবে সেই চেনা পথে হাঁটেননি সামিরা খান মাহি। বেছে নিয়েছেন ফুলহাতার শরীরঘেঁষা নীল পোশাক। এর সঙ্গে ছিল লম্বা নীল কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পুরো সাজে ছিল আভিজাত্য ও স্বতন্ত্র উপস্থাপনার ছাপ।

সুইমস্যুট পর্বের ছবি ও ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মাহি। একটি পোস্টে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও জানান তিনি।

মাহির এই লুক প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। অনেকের মতে, বিকিনি না পরেও যে বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দেশকে উপস্থাপন করা যায়, মাহি সেটিই দেখিয়েছেন। তাঁর ছবির মন্তব্যের ঘরেও মিলেছে ইতিবাচক প্রতিক্রিয়া। একজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’। এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও ব্যতিক্রমী উপস্থাপনায় নজর কেড়েছিলেন মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে ঐতিহ্যবাহী শাড়ির মাধ্যমে তুলে ধরেছিলেন মাতৃত্বের বার্তা।

May be an image of text

উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।

কালের সমাজ/এসআর

Link copied!