গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কথিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল করেছে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের আশপাশের কলেজপাড়া, বকুলের মোড় ও আকবরের মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান তারা।
জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরদী সরকারি কলেজ শাখার সভাপতি খালিদ বিন পার্থিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদল নেতা আল-আমিন এবং পাবনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সম্রাট হোসেন।
এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

