ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, কুমিল্লা | নভেম্বর ১৩, ২০২৬, ০৭:৪৫ পিএম কুমিল্লায় আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশ, টানটান উত্তেজনা ও বিপুল দর্শক সমাগমের মধ্য দিয়ে কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলের লড়াইয়ের পর টাইব্রেকারে জয় নিশ্চিত করে আদর্শ সদর উপজেলা দল।

মরহুম এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইলেভেন স্টার ক্লাব, কুমিল্লার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও সিটি করপোরেশনসহ মোট ১৯টি দল অংশগ্রহণ করে। চারটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো প্রাথমিক পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে। গ্রুপ পর্বে অনুষ্ঠিত হয় ৩৬টি ম্যাচ। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নেয় আদর্শ সদর ও চান্দিনা উপজেলা দল।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল অংশ নেওয়ায় এ আয়োজন একটি উৎসাহব্যঞ্জক ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা এবং বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়নে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন দৃঢ় করে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দ্রুত বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

ফাইনাল খেলায় অসাধারণ নৈপুণ্যের জন্য আদর্শ সদর উপজেলা দলের রবিউল ইসলাম সবুজ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। অন্যদিকে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চান্দিনা উপজেলা দলের মেহেদী।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন আদর্শ সদর ও রানার্সআপ চান্দিনা উপজেলা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকেও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!