ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ঈশ্বরদী জংশন থেকে চিত্রা এক্সপ্রেস সরিয়ে নেওয়ার সিন্ধান্ত, ফুঁসে উঠেছে নাগরিক সমাজ!

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | নভেম্বর ১০, ২০২৬, ০৫:০৫ পিএম ঈশ্বরদী জংশন থেকে চিত্রা এক্সপ্রেস সরিয়ে নেওয়ার সিন্ধান্ত, ফুঁসে উঠেছে নাগরিক সমাজ!

পাবনা থেকে ঢাকাগামী নতুন ট্রেন ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে—এমন খবরে যখন ঈশ্বরদীবাসীর মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে, ঠিক তখনই এসেছে দুঃসংবাদ। খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকায় চলাচলকারী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন করে রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ খবরে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয় নাগরিক সমাজে।

সোমবার রেলওয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে, চিত্রা এক্সপ্রেসের বর্তমান রুট পরিবর্তন করে রাজবাড়ী-পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচলের বিষয়ে ইতোমধ্যে রেলভবনে উচ্চপর্যায়ের সভায় আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিকেলে পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ করেও এ বিষয়ে তথ্য পাওয়া গেছে।

দীর্ঘদিন ধরে ঈশ্বরদী জংশন হয়ে চলাচল করা গুরুত্বপূর্ণ এ ট্রেনটি সরিয়ে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সচেতন নাগরিকরা চিত্রা এক্সপ্রেসের বর্তমান রুট বহাল রাখার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তাঁরা।

ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু বলেন, ‘রেলওয়ের এ হটকারী সিদ্ধান্ত ঈশ্বরদীবাসী কোনোভাবেই মেনে নেবে না। এটি কোনো ষড়যন্ত্রও হতে পারে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে ঈশ্বরদীতে বৃহত্তর আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হবে।’

ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ বলেন, ‘এর আগে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা থেকে ঈশ্বরদী হয়ে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ঈশ্বরদী থেকে তুলে নেওয়া হয়েছে। এবার চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন করে ঈশ্বরদীকে বাদ দেওয়া হলে এ জংশন থেকে সরাসরি ঢাকায় যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে।’

তিনি বলেন, এতে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি ট্রেনে ঢাকায় যাতায়াতের সুযোগ আরও সংকুচিত হয়ে পড়বে। ঈশ্বরদীর মানুষের যোগাযোগব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, ‘চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী থেকে তুলে নেওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। তবে রেলভবনে এ বিষয়ে সভা ও সিদ্ধান্ত হয়েছে বলে জানতে পেরেছি।’

এদিকে, চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হলে ঈশ্বরদী জংশনের সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ আরও সীমিত হয়ে পড়বে। এ অবস্থায় ট্রেনটির বর্তমান রুট বহাল রাখার দাবিতে স্থানীয়দের মধ্যে আন্দোলনের প্রস্তুতি ও ক্ষোভ ক্রমেই বাড়ছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!