ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জেলা প্রশাসকের মানবিক সহায়তায় আরও তিন নারীর মুখে হাসি

জেলা প্রতিনিধি, নরসিংদী | নভেম্বর ১০, ২০২৬, ০৮:৪৮ পিএম জেলা প্রশাসকের মানবিক সহায়তায় আরও তিন নারীর মুখে হাসি

মানবিকতা, সহমর্মিতা ও জনসেবার এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। আর্থিক সংকটে থাকা আরও তিনজন অসহায় ও দুস্থ নারীর পাশে দাঁড়িয়ে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আর্থিক সহায়তার আবেদনকারীদের হাতে জেলা প্রশাসক নিজ উদ্যোগে এ অর্থ তুলে দেন।

জানা যায়, অসহায় ওই তিন নারী আর্থিক সংকটের কথা তুলে ধরে জেলা প্রশাসকের কাছে সহায়তার আবেদন করেন। তাঁদের আবেদনের বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসার দাবি রাখে। একজন প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের মুখে স্বস্তির হাসি ফোটানোর এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।

প্রশাসনের দায়িত্ব শুধু দাপ্তরিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ। নরসিংদীর জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগ সেই বার্তাই বহন করে। এ ধরনের সহমর্মিতাপূর্ণ উদ্যোগ অব্যাহত থাকলে অসহায় ও দুস্থ মানুষ নতুন করে আশার আলো খুঁজে পাবেন।

জানা যায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার এমন মানবিক উদ্যোগ এবারই প্রথম নয়। এর আগেও তিনি বিভিন্ন সময়ে অসহায়, দুস্থ ও আর্থিক সংকটে থাকা মানুষের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড নরসিংদীবাসীর মধ্যে প্রশংসা ও ইতিবাচক প্রত্যাশা তৈরি করছে। একজন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক গুণাবলি ও মহৎ মানসিকতার এমন প্রকাশ নিঃসন্দেহে অনুকরণীয়।

 

কালের সমাজ/কে.পি 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!