ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে--- নবাগত পুলিশ কমিশনার আশিক

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১০, ২০২৬, ০৬:৩৯ পিএম নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে--- নবাগত পুলিশ কমিশনার আশিক

গাজীপুরকে নিরাপদ, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তুলতে পুলিশ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম। তিনি বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্যের আদান-প্রদানের মাধ্যমে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

মঙ্গলবার (১০নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেনসহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের পক্ষ থেকে গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, যানজট, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। একই সঙ্গে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে কার্যকর যোগাযোগ এবং দ্রুত তথ্য সরবরাহের ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়।

সাংবাদিকরা বলেন, গাজীপুর শুধু একটি শিল্পনগরী নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এখানে লাখ লাখ শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষের বসবাস। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য মানুষ কর্মসংস্থানের জন্য এ নগরীতে আসছেন। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা, নাগরিক নিরাপত্তা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

মহানগরের বিভিন্ন এলাকায় মাদক কারবারকে বড় সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে সাংবাদিকরা বলেন, শুধু মাদকসেবী বা খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করলেই এ সমস্যার সমাধান হবে না। মাদকের উৎস, সরবরাহকারী, মূল কারবারি ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

একই সঙ্গে কিশোর গ্যাং, উঠতি বয়সী অপরাধী চক্র এবং তাদের পেছনে থাকা ইন্ধনদাতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
ছিনতাই, চুরি ও চাঁদাবাজি প্রতিরোধে ঝুঁকিপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, শিল্পকারখানাসংলগ্ন এলাকা ও নির্জন স্থানে নিয়মিত পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে রাতে কর্মস্থল থেকে ফেরা শ্রমিক, নারী, শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিবহন খাত, ফুটপাত ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি প্রতিরোধেও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান সাংবাদিকরা।

যানজট নিরসনে চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, টঙ্গী, জয়দেবপুর, শিববাড়ী ও রাজবাড়ী সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অবৈধ পার্কিং, ফুটপাত দখল, যত্রতত্র যানবাহন থামানো এবং ট্রাফিক আইন অমান্যের প্রবণতা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে আরও সক্রিয় করার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কারখানার নিরাপত্তার বিষয়টিও সভায় গুরুত্ব পায়। সাংবাদিকরা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও মালিকপক্ষের দায়িত্বের মধ্যে সমন্বয় রেখে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন ও যৌক্তিক দাবির প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। অভিযোগ গ্রহণ, সাধারণ ডায়েরি, মামলা ও প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিকরা।

পুলিশ ও সাংবাদিকদের সম্পর্কের বিষয়ে সভায় বলা হয়, সাংবাদিকরা পুলিশের প্রতিপক্ষ নন,বরং অপরাধ দমন, জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের অসংগতি তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগী। কোনো ঘটনা ঘটার পর সঠিক তথ্যের অভাবে যাতে বিভ্রান্তি ও গুজব না ছড়ায়, সে জন্য জিএমপির পক্ষ থেকে দায়িত্বশীল মুখপাত্র বা গণমাধ্যম সমন্বয়কারী কর্মকর্তার মাধ্যমে দ্রুত ও নিয়মিত তথ্য সরবরাহের ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং তথ্য যাচাইয়ের সুযোগ নিশ্চিত করার বিষয়েও মতামত তুলে ধরা হয়।
সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন পুলিশ কমিশনারের নেতৃত্বে জিএমপি একটি আধুনিক, দক্ষ, স্বচ্ছ, মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে আরও শক্তিশালী হবে। অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে অপরাধের বিরুদ্ধে নিরপেক্ষ অবস্থান গ্রহণ এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পুলিশের ভালো কাজ সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড, অনিয়ম ও মানুষের ভোগান্তির বিষয়গুলোও দায়িত্বশীলতার সঙ্গে প্রকাশ করার অঙ্গীকার ব্যক্ত করেন সাংবাদিকরা।

উল্লেখ্য, ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম গত ৮ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৫ সালে মেহেরপুরে জন্মগ্রহণকারী আশিক সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা রেঞ্জ, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম রেঞ্জসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুরেও দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পিপিএম পদকে ভূষিত হন।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!