ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১০, ২০২৬, ০৮:০৯ পিএম কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারেন, সে লক্ষ্যেই জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে অভিযান চালায়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, চৌদ্দগ্রামে ৭ জন, চান্দিনায় ৬ জন, বুড়িচংয়ে ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, বরুড়ায় ৪ জন, লাকসামে ৭ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৬ জন, দাউদকান্দি মডেল থানায় ১২ জন, তিতাসে ৪ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ১ জন, দেবিদ্বারে ৬ জন, মুরাদনগরে ৪ জন, বাঙ্গরা বাজার থানায় ১ জন এবং লালমাই থানায় ৭ জন রয়েছেন। এ ছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশের দাবি, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!