ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় প্রাইভেটকারে ৭ হাজার ইয়াবা পাচার, চারজনের ১০ বছর করে কারাদণ্ড

জেলা প্রতিনিধি, কুমিল্লা | নভেম্বর ১০, ২০২৬, ০৮:০২ পিএম কুমিল্লায় প্রাইভেটকারে ৭ হাজার ইয়াবা পাচার, চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ৭ হাজার পিস ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) কুমিল্লার পারিবারিক আপিল আদালত ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মতিউর রহমান, কামরুল ইসলাম হৃদয় ও জুয়েল রানা এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মরিয়ম আক্তার সুমি। তাঁদের মধ্যে কামরুল ইসলাম হৃদয় ও জুয়েল রানা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি মতিউর রহমান ও মরিয়ম আক্তার সুমি পলাতক থাকায় তাঁদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ এপ্রিল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো সড়কে চৌদ্দগ্রাম বাজারের আমান হোটেলের সামনে চেকপোস্ট বসায় চৌদ্দগ্রাম থানা পুলিশ। এ সময় ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকের ওপর তুলে দেন।

পরে পুলিশ গাড়িতে থাকা ব্যক্তিদের আটক করে তল্লাশি চালায়। এ সময় মতিউর রহমানের কাছ থেকে ২ হাজার, কামরুল ইসলাম হৃদয়ের কাছ থেকে ১ হাজার, জুয়েল রানার কাছ থেকে ১ হাজার এবং মরিয়ম আক্তার সুমির ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া গাড়ির ভেতরে থাকা একটি টুলবক্স থেকে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৩৫টি প্যাকেটে মোট ৭ হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ, যার আনুমানিক ওজন ছিল ৭০০ গ্রাম।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে পাঁচজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। আসামিপক্ষের দাবি ছিল, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তাঁদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি। তবে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।

রায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) ধারার টেবিল ৯(খ) অনুযায়ী চার আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১৯(৪) ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে আরও বলা হয়, সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হলে অথবা তাঁরা আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের সাজা কার্যকর হবে। মামলায় বিচারাধীন অবস্থায় হাজতে থাকার সময় কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে। এ ছাড়া জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাহিদ সুলতানা। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আজিজুল হক ভূঁইয়া।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!