বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।
রোববার (৮ নভেম্বর) নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, বাংলাদেশ আমাদের সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সমাজের শক্তি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। কোনো ধর্মের মানুষ যেন নিজেকে সংখ্যালঘু বা অসহায় মনে না করেন। প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা, জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
নাইক্ষ্যংছড়ির উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষের মতামত ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের কথা শুনতে চাই, আপনাদের সমস্যা ও প্রত্যাশা জানতে চাই। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ঐক্যের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার, চনুমং, মাওসেতুং তঞ্চঙ্গ্য, অ্যাডভোকেট উম্যাসিং, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি ও সেলিম রেজা এবং পৌর বিএনপির নেতা এম আইয়ুব খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সনাতনী ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের মতামত ও বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কালের সমাজ/কে.পি

