ঢাকা রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত

খুলনা ব্যুরো | নভেম্বর ৮, ২০২৬, ০৯:৩০ পিএম খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সমবায় পণ্য মেলা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার( ৮ নভেম্বর ) খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’। দিবসটি উপলক্ষ্যে দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।

অনুষ্ঠানে হুইপ বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হলেই দেশের সামগ্রিক পরিবর্তন সম্ভব। সমবায়ের মাধ্যমে দেশ গড়ার অপার সম্ভাবনা এখন আমাদের সামনে। প্রতিকূল পরিবেশে টিকে থেকে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার অন্যতম হাতিয়ার হলো সমবায়ের মূলনীতি। সমবায়ের দর্শন হলো কেউ পিছিয়ে থাকবে না, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, সমবায়ীদের সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে। তরুণ-তরুণীদের চাকরির আশায় বসে না থেকে সমবায়ের মাধ্যমে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। সবাই সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে আগামীতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, পুলিশ সুপার সরকার ওমর ফারুক, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো: কামরুল ইসলাম, কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো: নূরুন্নবী। স্বাগত বক্তৃতা করেন জেলা সমবায় অফিসার মো: জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন সমবায়ীরা বক্তৃতা করেন। সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জেলা সমবায় অফিসার জানান, জেলায় বর্তমানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ২০১৯ টি। অনুষ্ঠানে খুলনা জেলার বিভিন্ন ক্যাটাগরিতে সাতটি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর সরকারি ছুটি থাকার কারণে রবিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!