নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিক শিক্ষা ও আদর্শিক জীবন গঠনে তাঁর সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। সম্মেলনে সীরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের ক্রেস্ট, নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
গতকাল শনিবার (৭ নভেম্বর) বাদ আসর থেকে এশা পর্যন্ত কবিরহাট ইসলামিয়া হাই স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির ও নোয়াখালী জেলা জামায়াতের দায়িত্বশীল নেতা ইসতাক খন্দকার।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ আমীনুল্লাহ, ডা. সাহাব উদ্দিন আহমেদ, মাওলানা মিজবাহ উদ্দিন, অধ্যক্ষ বেলায়েত হোসেন ও মুহাম্মদ ইলিয়াছ।
সম্মেলনে বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর সততা, আমানতদারিতা, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, মানবিকতা ও পরোপকারের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করা প্রয়োজন। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমেই নৈতিক মূল্যবোধসম্পন্ন, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী ও আদর্শের চর্চা বাড়াতে সীরাত পাঠ, অধ্যয়ন ও অনুশীলনের বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল সীরাত পাঠ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে বিজয়ীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া। আয়োজকদের এ উদ্যোগকে সীরাতচর্চায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার আমির অধ্যক্ষ ফখরুল ইসলাম মিলন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন।
ধর্মীয় জ্ঞানচর্চা, মহানবী (সা.)-এর জীবনাদর্শের প্রচার এবং নতুন প্রজন্মকে তাঁর শিক্ষায় উদ্বুদ্ধ করার প্রত্যয়ে সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কালের সমাজ/কে.পি

