ঢাকা রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৮, ২০২৬, ০৮:৫৫ পিএম ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ।

সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। এর মধ্যে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়েছে। নিরাপত্তাজনিত কারণে কক্সবাজারগামী বিরতিহীন পর্যটক এক্সপ্রেসকেও স্টেশনে অবস্থান করতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম আলাদা করে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সংক্রান্ত গেজেট ৪ জুন প্রকাশিত হয়।

শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে বিভক্ত করে আখাউড়ার ওই বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

আন্দোলনকারীদের দাবি, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। সদর উপজেলাকে বিভক্ত করার এ উদ্যোগ তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না বলে জানিয়েছেন।

এদিকে, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, জানমালের কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

কালের সমাজ/কে.পি

Link copied!