ঢাকা রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন

হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি, | নভেম্বর ৮, ২০২৬, ০৯:২৮ পিএম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  রোগীদের  উন্নতমানের খাবার পরিবেশন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 

র‍্যালিতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া দিবসটির বিশেষ কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য ধারণ করে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার চেতনায় সবাইকে এগিয়ে আসতে হবে।

 চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রতি মানবিক আচরণ ও সহমর্মিতা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। রোগীদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানোও স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবাকে আরও মানবিক ও জনবান্ধব করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), হাসপাতালের চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। জাতীয় দিবসের তাৎপর্য স্মরণ এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ আয়োজন সম্পন্ন হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!