ঢাকা বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ৪, ২০২৬, ০৩:৫৯ পিএম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করলে এ বছর কোনো শিক্ষার্থীর নম্বর কমানো হবে না। তবে পুনর্নিরীক্ষণে কোনো শিক্ষার্থী অতিরিক্ত নম্বর পাওয়ার যোগ্য বলে বিবেচিত হলে সেই নম্বর যোগ করা হবে।

তবে আগামী বছর থেকে ফল পুনর্নিরীক্ষণে কেউ কম নম্বর পেলে তাকে সেই নম্বরই দেওয়া হবে। আগের বছরগুলোতে নম্বর কমানো হতো না, শুধুমাত্র বাড়লে নম্বর যোগ করা হতো। 

বুধবার (৪ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, ‘চলতি বছর ভুলবশত বা যেভাবেই হোক, যে নম্বর দেওয়া হয়েছে, তা আর কমানো হবে না। বরং কোনো শিক্ষার্থী নতুন করে অতিরিক্ত নম্বর পাওয়ার যোগ্য হলে, সেই নম্বর যুক্ত করা হবে।’

আগামী বছর থেকে খাতা মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বাড়তেও পারে, কমতেও পারে জানিয়ে তিনি বলেন, ‘যদি কোনো শিক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়ে থাকে, তাহলে পুনর্মূল্যায়নে তা কমতে পারে। তবে এ বছর বিষয়টি শিথিল রাখা হয়েছে। আগামী বছর থেকে মূল্যায়নের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।’

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফল পাননি। তারা চাইলে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন বলে জানায় বোর্ড।

রোববার (১ নভেম্বর) থেকে পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন নেওয়া হবে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া ও ফি পরিশোধের নিয়ম জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আবেদন করতে হবে অনলাইনে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানায় বোর্ড।

কালের সমাজ/এসআর

Link copied!