ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঈদগাঁওয়ে পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ২৮, ২০২৬, ০৭:২৫ পিএম ঈদগাঁওয়ে পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতায় নিহতদের স্মরণে কক্সবাজারের ঈদগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ঘটনার সুষ্ঠু বিচার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন বক্তারা।
বুধবার (২৮ অক্টোবর) বাদে আসর ঈদগাঁও উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সেলিম উল্লাহ জিহাদী। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম।
সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, সহকারী সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, ইসলামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাব উদ্দিন, সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল এবং পোকখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতায় নিহতদের স্মরণ করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। তাঁরা নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!