খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ এবং কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কয়রা সিদ্দিকিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার হল রুমে উত্তরণের অ্যাক্সেস প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, কৃষি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, কৃষকদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় উত্তরণের এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড কর্মকর্তা রাকিবুল রাজ্জাক বক্তব্য রাখেন।
এ সময় আরও বক্তব্য দেন মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান লিটন, চঞ্চল মণ্ডল, নুর ইসলাম সানা, মামুনুর রশিদ, ববিতা পারভিন খালেদা পারভিন, আফরোজা পারভিন মাসুরা পারভীন ও জান্নাত আরাসহ অন্যরা। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় কয়রার কৃষি ও কৃষকের জীবন-জীবিকা নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। লবণাক্ততা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগ কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় জলবায়ুসহিষ্ণু ফসলের চাষ, আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।
তাঁরা আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে টেকসই কৃষি ও নিরাপদ জীবিকা নিশ্চিত করা সম্ভব। এ জন্য কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন বক্তারা। সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং কৃষি ও জীবন-জীবিকার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
কালের সমাজ/কে.পি

