ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগ তিন শীর্ষ নেতা ঢাকায় গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | অক্টোবর ২০, ২০২৬, ০৭:২৮ পিএম আওয়ামী লীগ তিন শীর্ষ  নেতা ঢাকায় গ্রেপ্তার

ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শীর্ষস্থানীয় নেতাকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের ভাড়াবাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। 

মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার (ওসি) মো. আশাদুর রহমান। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ওসি মো. হালিমুর রহমান বাবুর বরাত দিয়ে এ তথ্য জানান। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঈশ্বরদী ও আটঘরিয়া ছেড়ে ঢাকায় গিয়ে আত্মগোপনে ছিলেন ওই তিন নেতা। ঢাকায় অবস্থান করেও তাঁরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন। পাশাপাশি নিজ নিজ এলাকায় দলীয় কার্যক্রম জোরদারের চেষ্টা চালাচ্ছিলেন বলে পুলিশের ভাষ্য। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, গ্রেপ্তার তিন নেতার মধ্যে আবুল কালাম আজাদ মিন্টু বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর আত্মগোপনে ছিলেন। অন্যদিকে, মকলেছুর রহমান মিন্টু ও শহিদুল ইসলাম রতন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। এদিকে, তিন নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ঈশ্বরদী ও আটঘরিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!