ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ১৪, ২০২৬, ০৯:৩১ পিএম স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করে আবেদন করতে পারবে। তবে একই প্রতিষ্ঠানে একাধিক আবেদন করলে সব আবেদন বাতিল হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৭’-এ প্রথম শ্রেণিতে ভর্তির পদ্ধতি ও আবেদনসংক্রান্ত এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বোচ্চ কয়টি বিদ্যালয় পছন্দ করা যাবে?

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে পারবে। তবে কোনো দ্বৈত পালার বিদ্যালয়ের উভয় পালা পছন্দ করলে তা দুটি বিদ্যালয়ে পছন্দক্রম দেওয়ার সমতুল্য হিসেবে গণ্য হবে।

একই শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক আবেদন জমা দিলে সব আবেদন বাতিল করা হবে। তাই আবেদন করার সময় পছন্দের বিদ্যালয় নির্বাচন এবং আবেদনসংক্রান্ত তথ্য সঠিকভাবে দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।


যেভাবে হবে ডিজিটাল লটারি

প্রথম শ্রেণিতে ভর্তির পুরো প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে লটারি সম্পন্ন করতে হবে। এ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনাও রয়েছে নীতিমালায়।

ডিজিটাল লটারির আগে এ কাজে ব্যবহৃত সফটওয়্যারের যথার্থতা সরকার স্বীকৃত অন্য একটি কারিগরি প্রতিষ্ঠান দিয়ে যাচাই করাতে হবে। যাচাই-সংক্রান্ত প্রত্যয়নপত্রও সংরক্ষণ করতে হবে।

থাকবে অপেক্ষমাণ তালিকাও

লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা তৈরির পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক শিক্ষার্থী নিয়ে অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করতে হবে। নির্বাচিত কোনো শিক্ষার্থী ভর্তি কমিটির নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করা হবে।


নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং নোটিশ বোর্ডেও টাঙিয়ে দিতে হবে। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার বাইরে কোনো শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না।

আবেদন ও ফলাফল প্রকাশ হবে অনলাইনে

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন, আবেদন ফি গ্রহণ, ফলাফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ অনলাইনে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সফটওয়্যারে আবেদন করতে হবে এবং ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা তারিখ ও সময় অনুসরণ করতে হবে।

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে অনলাইন আবেদন ফরমের ফি সর্বোচ্চ ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আবেদন শুরুর তারিখ, শেষ সময় এবং লটারির নির্দিষ্ট দিন জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

এদিকে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ সাত বছর হতে পারবে। বয়স প্রমাণের জন্য আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

কালের সমাজ/কে.পি

Link copied!