ক্ষমতার অপব্যবহার ও সাড়ে তিন কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তাঁর স্ত্রী আখতার জাহান বকুল ও ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
স্বজনদের নামে মোট ৩ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। মঙ্গলবার নোয়াখালী জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। দুদকের অনুসন্ধান অনুযায়ী, ১৯৯৯ থেকে ২০০১ এবং ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বসুরহাট পৌরসভার মেয়র থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন কাদের মির্জা।
তাঁর নিজের নামে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। এছাড়া পেশায় গৃহিণী ও আয়বহির্ভূত উৎস না থাকা সত্ত্বেও স্ত্রী আখতার জাহানের নামে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা এবং ছেলে মাশরুর কাদেরের নামে ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার পৈতৃক সূত্রে ব্যাখ্যাতীত সম্পদ পেয়েছে দুদক। মামলার বাদী ও অনুসন্ধানকারী কর্মকর্তা চিন্ময় চক্রবর্তী জানান, কমিশনের অনুমোদনের পরই মামলাগুলো রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে পরিবারের বাইরে অন্য কারও জড়িত থাকার প্রমাণ মিললে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, অভিযুক্ত আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দলটির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই।
কালের সমাজ/কে.পি

