পাবনার ঈশ্বরদীতে চলন্ত অটোরিকশা থেকে পড়ে মো. রাসেল প্রামাণিক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চরসাহাপুরে রূপপুর গ্রিনসিটির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশায় সাউন্ড বক্সে গান বাজানোর সময় আনন্দ-ফূর্তি করছিলেন তাঁরা। এ সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন রাসেল। নিহত রাসেল প্রামাণিক পাবনা সদর উপজেলার কাশিপুর বটতলা এলাকার মৃত মোস্তফা প্রামাণিকের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অটোরিকশার ব্যাটারি পরিবর্তন করতে রাসেলসহ চারজন ঈশ্বরদীতে আসেন। শহরের আলহাজ্ব মোড় এলাকার ফাহাদ ট্রেডার্স থেকে ব্যাটারি পরিবর্তন শেষে রাতে নতুন হাট হয়ে অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন তাঁরা।
পথে অটোরিকশায় সাউন্ড বক্সে গান বাজছিল। এ সময় তাঁরা আনন্দ-ফূর্তি করছিলেন। একপর্যায়ে চলন্ত অটোরিকশা থেকে নিচে পড়ে যান রাসেল। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে সঙ্গী ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার (ওসি) মো. আশাদুর রহমান বলেন, অসাবধানতাবশত অটোরিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ওই যুবক। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালের সমাজ/কে.পি

