নতুন ক্রয়াদেশ, উৎপাদন, কাঁচামাল ও প্রস্তুত পণ্যের মজুত এবং আমদানি কমে যাওয়ায় সেপ্টেম্বরে দেশের শিল্প খাতে ব্যবসায়িক কার্যক্রমের গতি কমেছে। একই সময়ে সেবা ও নির্মাণ খাতেও সংকোচন দেখা দিয়েছে।
বিপরীতে কৃষি খাত সম্প্রসারণের ধারায় থাকলেও সামগ্রিক অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব যথেষ্ট হয়নি। ফলে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ড আরও দুর্বল হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে এ সূচক তৈরি করে।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে দেশের পিএমআই কমে ৪৮ দশমিক ৬ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল ৪৯ দশমিক ৯। পিএমআইয়ের মান ৫০-এর নিচে থাকলে অর্থনীতিতে সংকোচন এবং ৫০-এর ওপরে থাকলে সম্প্রসারণ বোঝায়।
সেপ্টেম্বরে সবচেয়ে বেশি দুর্বল হয়েছে উৎপাদন খাত। এ খাতের পিএমআই ২ দশমিক ৬ পয়েন্ট কমে ৪৪ দশমিক ৮-এ নেমেছে। নির্মাণ খাতের পিএমআইও ৩ দশমিক ৮ পয়েন্ট কমে ৪৮ দশমিক ৫ হয়েছে। সেবা খাত টানা দ্বিতীয় মাসের মতো সংকোচনের মধ্যে রয়েছে।
এ খাতের পিএমআই কমে দাঁড়িয়েছে ৪৯ পয়েন্টে। অন্যদিকে কৃষি খাত টানা ১৩ মাস সম্প্রসারণের ধারায় রয়েছে। তবে সেপ্টেম্বরে এ খাতের পিএমআইও আগের মাসের তুলনায় ১ দশমিক ৩ পয়েন্ট কমে ৫৫ দশমিক ২ হয়েছে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থানে সম্প্রসারণের গতি এ খাতে কমেছে।
কালের সমাজ/এসআর

