ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ না করেই দেড় বছর বেতন উত্তোলনের

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | অক্টোবর ৯, ২০২৬, ০৭:৫১ পিএম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ না  করেই দেড় বছর বেতন উত্তোলনের

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দেড় বছর ধরে নিয়মিত দায়িত্ব পালন না করে সরকারি বেতন নেওয়ার অভিযোগ উঠেছে মোঃ সাগর নামে এক ক্লিনারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নিজের দায়িত্বের কাজ তিনি রেনু বেগম নামে এক নারীকে দিয়ে করিয়ে আসছেন। স্থানীয় ও হাসপাতাল সংশ্লিষ্টদের সূত্রে জানা যায় যে, গত প্রায় দেড় বছর ধরে রেনু বেগম কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্লিনারের কাজ করে আসছেন। 

এর বিনিময়ে ক্লিনার সাগর তাকে প্রতি মাসে ২ হাজার টাকা করে দেন বলে জানা গেছে। তবে রেনু বেগম হাসপাতালের নিয়মিত কর্মচারী না হওয়ায় কোনো ঈদ বোনাস, ছুটি কিংবা অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পান না বলেও অভিযোগ রয়েছে। আরও অভিযোগ উঠেছে, সাগর নিজে দায়িত্ব পালন না করলেও নিয়মিত সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন। বিষয়টি নিয়ে হাসপাতালজুড়ে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে ক্লিনার সাগর বলেন, তিনি একা ক্লিনারের কাজ করতে পারেন না। তাই তার সহকারী হিসেবে রেনু বেগমকে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষই তাকে সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে বলেও দাবি করেন তিনি। তবে রেনু বেগম কীভাবে এবং কার অনুমতিতে হাসপাতালে ক্লিনারের কাজ করছেন, সে বিষয়ে কোনো লিখিত অনুমোদন বা নিয়োগ রয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রাহাত হোসেন বলেন, তিনি নতুন দায়িত্বে এসেছেন। রেনু বেগম কীভাবে হাসপাতালে ক্লিনারের কাজ করার অনুমতি পেয়েছেন, সে বিষয়ে তিনি জানেন না। তিনি আরও বলেন, “সাগর তার দায়িত্ব পালন না করে রেনু বেগমকে দিয়ে কাজ করান—এ বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে আমি জানতে পেরেছি। এ ঘটনায় সাগরকে শোকজ করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!