ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার মাটিতে বিদেশি কমলার হাসি

হাসনাত হান্নান তামিম, মহম্মদপুর (মাগুরা) | নভেম্বর ২৪, ২০২৬, ০৭:৩৪ পিএম মাগুরার মাটিতে বিদেশি কমলার হাসি

মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী বাজারের অদূরে রামনগর পশ্চিমপাড়ায় সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে টসটসে পাকা ও কাঁচাপাকা কমলা। প্রথম ফলনেই বাগানজুড়ে যেন সোনালি হাসি ফুটেছে। পাকিস্তানি ‘কেনু’ জাতের সুমিষ্ট ও রসালো কমলা ফলিয়ে এলাকায় আলোড়ন তুলেছেন আলাইপুর গ্রামের ৪০ বছর বয়সী উদ্যোক্তা হারুন-অর-রশিদ।
জানা যায়, ২০২৩ সালের শুরুর দিকে এক বন্ধুর মাধ্যমে ভারত থেকে পাকিস্তানি ‘কেনু’ জাতের কমলার একটি মাতৃচারা সংগ্রহ করেন হারুন। সেই মাঝারি গাছ থেকে কলম কাটিংয়ের মাধ্যমে নিজেই ২৬০টি চারা তৈরি করেন।
২০২৪ সালের নভেম্বরের শেষে দেড় বিঘা জমিতে চারাগুলো রোপণ করেন তিনি। নিবিড় পরিচর্যায় এবারই প্রথম ফল এসেছে। বাগানের ৫০ থেকে ৫৫টি গাছে ঝুলছে নজরকাড়া কমলা।
হারুন-অর-রশিদ জানান, আকারভেদে প্রতিটি কমলার ওজন ২০০ থেকে ৩৫০ গ্রাম। ফলগুলো বেশ মিষ্টি ও রসালো। গাছপ্রতি ১৫ থেকে ৩৫ কেজি ফলনের আশা করছেন তিনি। বাজারে প্রতি কেজি কমলা ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে, চাহিদাও ব্যাপক।
নতুন এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিনই দূর-দূরান্ত থেকে দর্শনার্থী ও আগ্রহী চাষিরা বাগানে আসছেন। কেউ গাছ থেকে তাজা ফল ছিঁড়ে খাচ্ছেন, কেউবা নিচ্ছেন চাষের পরামর্শ ও চারা। বৈচিত্র্যময় এই উদ্যোগ মাগুরার কৃষিতে নতুন অর্থনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
হারুন-অর-রশিদ বলেন, ‘নিজের জমিতে এমন ফলনে মন ভরে গেছে। আগামী বছর ১০ বিঘা জমিতে আলাদা বাগান করার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে ইতিমধ্যে কলম কাটিংয়ে ৩০ হাজার চারা তৈরি করেছি।’
মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার মো. নূর-এ-নবী বলেন, ‘মাগুরার মাটিতে সুস্বাদু কমলা ফলিয়ে হারুন তাক লাগিয়ে দিয়েছেন। তার উদ্যোগ স্থানীয়দের জন্য অনুপ্রেরণা হবে।’
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, ‘আধুনিক ও যুগোপযোগী চাষে আমরা কৃষকদের উৎসাহ দিই। হারুনের পরিশ্রম ও একাগ্রতা তাকে সাফল্য এনে দিয়েছে। কৃষি বিভাগ থেকে তাকে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে।’ 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!