ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

নাঙ্গলকোটে ৬০বছরের চলাচলের রাস্তা বন্ধ, রান্নাঘরের বেড়া খুলে বের করা হলো শতবর্ষী বৃদ্ধের মরদেহ!

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি | নভেম্বর ১৯, ২০২৬, ০৯:০৬ পিএম নাঙ্গলকোটে ৬০বছরের চলাচলের রাস্তা বন্ধ, রান্নাঘরের বেড়া খুলে বের করা হলো শতবর্ষী বৃদ্ধের মরদেহ!

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী মুন্সী বাড়িতে প্রায় ৬০ বছরের পুরোনো দুটি বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একই বাড়ির কয়েকজনের বিরুদ্ধে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি পরিবারের সদস্যরা। এমনকি শতবর্ষী এক বৃদ্ধের মৃত্যুর পর তাঁর মরদেহ বাড়ি থেকে বের করতেও তৈরি হয় চরম ভোগান্তি। শেষ পর্যন্ত অন্যের বাড়ির রান্নাঘরের টিনশেড ঘরের বেড়া খুলে মরদেহ বের করতে হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উত্তর শাকতলী মুন্সী বাড়ির শতবর্ষী বৃদ্ধ হাজী সফি উল্লাহ ইন্তেকাল করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে যোহরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার স্বাভাবিক রাস্তা বন্ধ থাকায় মরদেহ নিয়ে বিপাকে পড়েন স্বজন ও এলাকাবাসী। পরে নিরুপায় হয়ে অন্যের বাড়ির রান্নাঘরের টিনশেড ঘরের বেড়া খুলে মরদেহ বের করা হয়। এরপর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

অভিযোগ উঠেছে, একই বাড়ির নুরুল হক প্রকাশ দুলা মিয়ার ছেলে ২নং উত্তর শাকতলী ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী জাকির হোসেন, হুমায়ুন কবির, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম ও শহীদ উল্লাহ মিলে দীর্ঘ প্রায় ৬০ বছরের পুরোনো দুটি চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে কয়েকটি পরিবারের সদস্যদের প্রতিনিয়ত চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ ব্যক্তি কিংবা কোনো পরিবারের সদস্য মারা গেলে মরদেহ বাড়ি থেকে বের করা নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

এ বিষয়ে মৃত সফি উল্লাহর ছেলে তাজুল ইসলাম, ভাতিজা মাওলানা মিজানুর রহমান ও হাফেজ সালেহ আহমেদ বলেন, আমাদের প্রায় ৬০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কোনো রকমে চলাচল করছি। কিন্তু কোনো মানুষ মারা গেলে মরদেহ বের করা কঠিন হয়ে পড়ে। আজ হাজী সফি উল্লাহর মরদেহ বের করতেও আমাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। শেষ পর্যন্ত অন্যের রান্নাঘরের বেড়া খুলে মরদেহ বের করতে হয়েছে। আমরা এ ঘটনার বিচার দেশবাসী, এলাকাবাসী ও প্রশাসনের কাছে দিলাম।

অভিযোগের বিষয়ে জাকির হোসেন বলেন, আমরা কেন রাস্তা বন্ধ করব? তারা নিজেরাই নিজেদের জায়গায় ঘরবাড়ি নির্মাণ করেছেন। আমরা কোনো রাস্তা বন্ধ করিনি।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!