স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে উপজেলা সিএসও নেটওয়ার্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানে স্থানীয় সরকারকে সঙ্গে নিয়ে কাজ করছেন নেটওয়ার্কের সদস্যরা। ওয়ার্ড পর্যায়ে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতের সমস্যা চিহ্নিত করে সমাধানে ভূমিকা রাখছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা সিএসও নেটওয়ার্কের সদস্যদের নিয়মিত সভায় বক্তারা এসব কথা বলেন।
উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত সভায় সহযোগিতা করে হেলভেটাস বাংলাদেশের এনাবেল প্রকল্প। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি লাভলি মন্ডল।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে জনবান্ধব ও কার্যকর করতে জনগণের মতামত ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করতে সিএসও সদস্যরা কাজ করছেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন, জনসমস্যা চিহ্নিতকরণ এবং সেগুলোর সমাধানে ভূমিকা রাখছেন তাঁরা।
তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ওয়ার্ড পর্যায়ে এসব সমস্যার প্রকৃত চিত্র তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে সিএসও নেটওয়ার্ক স্থানীয় জনগণ ও স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় তৈরিতে কাজ করছে।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিএসও নেটওয়ার্কের সহসভাপতি পারুল রায়, সহসাধারণ সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ মোহাম্মদ রবিউল ইসলাম, সদস্য হালদার চিরানন্দ, মোহাম্মদ জালাল মুসল্লী ও অঞ্জন বিশ্বাস। এ ছাড়া হেলভেটাস বাংলাদেশের প্রতিনিধি দেবাশীষ কুমার ঘোষ ও মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রমে নাগরিক সমাজের অংশগ্রহণ আরও জোরদার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণ ও সরকারের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
কালের সমাজ/কে.পি

