দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো পাবনা থেকে ঢাকার সরাসরি ট্রেন চলাচল। নতুন এ রেল যোগাযোগের ফলে প্রথমবারের মতো পাবনা শহর থেকেই সরাসরি ট্রেনে রাজধানী ঢাকায় যাতায়াতের সুযোগ তৈরি হলো।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ঢাকা-পাবনা রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পর সন্ধ্যা সাড়ে ৫টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী বলেন, দেশব্যাপী রেল যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং রেলপথ সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে।
তিনি বলেন, পাবনাবাসীর জন্য এটি আনন্দঘন মুহূর্ত। এ রেল যোগাযোগের মাধ্যমে অল্প সময়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর সুযোগ তৈরি হবে। এটি সরকারের অঙ্গীকারের বাস্তবায়ন। এ অঞ্চলের জনগণ নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষা করা হয়েছে।
রেলমন্ত্রী আরও বলেন, দেশের রেলওয়ের মান, যাত্রীসেবা এবং রেলযাত্রার নিরাপত্তা আগামী দিনে আরও উন্নত করা হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর দুপুরে ঢাকা থেকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ যাত্রা করবে। এরপর ২১ নভেম্বর থেকে এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। অন্যদিকে, বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এবং রেলসচিব ফাহিমুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বসিত পাবনাবাসী। নতুন এ রেল যোগাযোগ চালুর ফলে পাবনা ও আশপাশের এলাকার মানুষের রাজধানীতে যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।
কালের সমাজ/কে.পি

