মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। কোথাও পাকা ধান কাটছেন কৃষক, কোথাও চলছে মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি। নতুন ফসলের আশায় কৃষকের মুখে যখন স্বস্তির হাসি, ঠিক তখনই বৈরী আবহাওয়া সেই আনন্দে দুশ্চিন্তার ছায়া ফেলেছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বিরামহীন বৃষ্টিতে মাঠের পাকা ও কাটা ধান ভিজে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন মাগুরার কৃষকরা। আবহাওয়ার এমন অনিশ্চয়তায় একদিকে দ্রুত ফসল ঘরে তোলার তাড়া, অন্যদিকে ফসলের ক্ষতির শঙ্কা; সব মিলিয়ে উৎকণ্ঠায় কাটছে তাদের সময়। হেমন্তের সোনালি আবহে মাগুরার বিস্তৃর্ণ মাঠজুড়ে এখন আমন ধান কাটার ধুম। কৃষক-কৃষাণীরা সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন ফসল ঘরে তুলতে।
কিন্তু বৃষ্টির বাগড়ায় ব্যাহত হচ্ছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। জমিতে পড়ে থাকা কাটা ধান এবং পাকতে থাকা ফসল নিয়ে বাড়ছে উদ্বেগ। সময় মতো রোদ না মিললে ধানের গুণগত মান ও সংরক্ষণ নিয়েও শঙ্কা রয়েছে তাদের। মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাগুরার চার উপজেলায় মোট ৬২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মাগুরা সদরে ২৩ হাজার ৬৬৫, মহম্মদপুরে ১২ হাজার ৩৮৫, শালিখায় ১৪ হাজার ৮৯০ এবং শ্রীপুরে ১১ হাজার ৫৩৪ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এ বছর উচ্চফলনশীল ব্রি-৪৯, ৫১, ৫২, ৭৫, ৮৭ ও ১০৩, বিনা-১৭ ও ২২ জাতের পাশাপাশি বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষকরা। কিছু জমিতে আবাদ হয়েছে স্থানীয় দীঘা, বালাম ও জিরাশাইল জাতের ধানও। কৃষি বিভাগের হিসাবে, অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিবিড় পরিচর্যায় এবার হেক্টর প্রতি গড়ে ৫ দশমিক ৭৫ মেট্রিক টন ফলন পাওয়া গেছে। সে হিসাবে জেলায় এবার তিন লাখ ৫৯ হাজার ২২৫ মেট্রিক টন আমন ধান উৎপাদনের আশা করা হচ্ছে।
মহম্মদপুর উপজেলার ঝগড়দিয়া গ্রামের কৃষক মো. আতর আলী বলেন, “এ বছর প্রায় এক একর জমিতে আমন ধানের আবাদ করেছি। ফলন খুব ভালো হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি। ভালো ফলনের পাশাপাশি আশানুরূপ দাম পেলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।” আমন ধান শুধু একটি ফসল নয়, গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান অবলম্বন। এ ফসল ঘরে তোলার মধ্য দিয়েই কৃষকের সারা বছরের খাদ্যনিরাপত্তা ও পারিবারিক ব্যয়ের বড় একটি অংশ নিশ্চিত হয়। তাই মাঠের সোনালি ধান নিরাপদে গোলায় ওঠার অপেক্ষায় এখন মাগুরার কৃষকরা। তাদের প্রত্যাশা, বৈরী আবহাওয়ার শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত ঘরে উঠবে কষ্টে ফলানো সোনালি ফসল।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, “চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের নিবিড় পরিচর্যায় আমনের ফলন অত্যন্ত ভালো হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কৃষকরা ধান ঘরে তোলা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন।”
কালের সমাজ/কে.পি

