ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মাদারীপুর ব্যুরো | নভেম্বর ১৫, ২০২৬, ০১:৩০ পিএম মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সত্য প্রকাশের অঙ্গীকার, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় এবং সমাজের অসংগতি তুলে ধরার দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে আট বছরের পথচলা পেরিয়ে নবম বছরে পদার্পণ করেছে দৈনিক কালের সমাজ। বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ, সাংবাদিক ও সুধীজনদের মিলনমেলা এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদানের মধ্য দিয়ে পত্রিকাটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় মাদারীপুরের শিবচর উপজেলার থানা রোডে অবস্থিত দৈনিক কালের সমাজের ব্যুরো প্রধান মাদারীপুর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক কালের সমাজের ব্যুরো প্রধান মাদারীপুর মীর ইমরানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিবচর উপজেলা প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে দৈনিক কালের সমাজের ব্যানারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর অতিথিদের বক্তব্য, প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য নিয়ে আলোচনা, সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপির সদস্যসচিব মোঃ আজমল হোসেন খান সেলিম, যুগ্ম আহ্বায়ক মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা মোঃ কুতুব উদ্দিন মাদবর, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ভোরের ডাকের শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ আবুল খায়ের খান, দৈনিক জনতার শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন মোল্লা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী সাইদুজ্জামান নাসিম, সাংবাদিক ও শিক্ষক শহীদ আল জেরিন, জাজিরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুবুর রহমান শিপন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জাজিরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মোক্তার হোসেন, বিজনেস ফাইলের শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ ছবাহান মিয়া, দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার মোঃ মাসুদুর রহমান এবং জেএ টিভির মোঃ শামিম মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক নয়া দিগন্তের শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ আহসান হাবীব শাহিন।

সাংবাদিকতায় সাহসী ভূমিকা ও পেশাগত অবদানের স্বীকৃতি
সাংবাদিকতা কেবল সংবাদ প্রকাশের দায়িত্ব নয়; বরং সমাজের অন্ধকার দিক উন্মোচন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি এবং নিপীড়িত মানুষের কণ্ঠস্বর রাষ্ট্র ও সমাজের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ববোধ, সাহসী ভূমিকা ও পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন সাংবাদিককে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন-বাংলানিউজ২৪-এর জেলা প্রতিনিধি মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন, আরটিভির শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ খলিল মিয়া, কালের কণ্ঠের মাদারীপুর প্রতিনিধি এস এম দেলোয়ার হোসেন, কালবেলার জাজিরা প্রতিনিধি আব্দুর রহিম, আরটিভির জাজিরা প্রতিনিধি মোঃ হিমেল আহমেদ অপি এবং দৈনিক সময়ের আলোর শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ মেহেরাব হোসেন।

মানবিকতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি
সমাজের অসংগতি দূরীকরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক কাইয়ুম সরদার, বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ অলি ফকির এবং ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাবুল মাদবরকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ ছাড়া বীমা খাতে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন এবং পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির শিবচর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সামসুল হককে সম্মাননা প্রদান করা হয়।

সাংবাদিক সংগঠনে নেতৃত্ব ও সাংগঠনিক অবদানের স্বীকৃতি
সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিলাল রিজভী এবং মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সাব্বির হোসেন আজিজকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

নতুন নেতৃত্ব ও দক্ষ প্রতিনিধি গড়ে তোলার প্রত্যয়
একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের শক্তি শুধু তার প্রকাশিত সংবাদে নয়; বরং প্রতিনিধিদের পেশাগত দক্ষতা, সততা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক সক্ষমতার মধ্যেও প্রতিফলিত হয়।

এ বিবেচনায় দৈনিক কালের সমাজের প্রতিনিধিদের গুণগত মান উন্নয়ন, সংবাদ পরিবেশনের দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ জুয়েল হোসেন জয়, শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ ইমরান হোসেন , একুশে সংবাদ ডট কম মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন এবং শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।

অন্যদিকে, দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, কর্মদক্ষতা, নেতৃত্ব, সাংগঠনিক সক্ষমতা ও নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে বর্তমান অবস্থানে পৌঁছানোর স্বীকৃতিস্বরূপ দৈনিক কালের সমাজের ব্যুরো প্রধান মাদারীপুর মীর ইমরানকে বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

গণমানুষের কথা তুলে ধরাই গণমাধ্যমের প্রকৃত দায়িত্ব: প্রধান অতিথি প্রধান অতিথির বক্তব্যে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সমাজের অবহেলিত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের না-বলা কথাগুলো তুলে ধরা। অনেক সময় সাধারণ মানুষের দুর্দশা, বঞ্চনা ও সমস্যার কথা আড়ালেই থেকে যায়। সাংবাদিকরা তাঁদের লেখনী ও সংবাদ পরিবেশনের মাধ্যমে এসব বিষয় রাষ্ট্র ও প্রশাসনের দৃষ্টিগোচর করেন। এর ফলে ভুক্তভোগী মানুষ সরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। তাই বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদমাধ্যম কেবল খবর পরিবেশনের মাধ্যম নয়; এটি সমাজের দর্পণ, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা এবং জনস্বার্থ রক্ষার অন্যতম শক্তিশালী হাতিয়ার। একজন দায়িত্বশীল সাংবাদিকের কাছে সত্য ও ন্যায়ের প্রশ্নে আপস করার সুযোগ নেই। পেশাগত সততা, নিরপেক্ষতা, সাহসিকতা ও নৈতিকতার সমন্বয়ে সাংবাদিকদের কাজ করতে হবে। পাশাপাশি নবীন সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উৎকর্ষ অর্জনে অভিজ্ঞ সাংবাদিকদের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দৈনিক কালের সমাজ‍‍` র ব্যুরো প্রধান মাদারীপুর মীর ইমরান সভাপতিত্বে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দৈনিক কালের সমাজ প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে। আট বছরের এই পথচলায় পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী ও সহযোগীদের আন্তরিকতা এবং ভালোবাসা পত্রিকাটির অগ্রযাত্রাকে অনুপ্রাণিত করেছে। আগামী দিনেও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ, জনস্বার্থের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে পত্রিকাটির কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

আলোচনা, সম্মাননা প্রদান ও শুভেচ্ছা বিনিময় শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে স্মরণীয়।

আট বছরের অভিজ্ঞতা, অর্জন ও পথচলার স্মৃতিকে সঙ্গী করে নবম বছরে পদার্পণ করল দৈনিক কালের সমাজ। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন শুধু একটি প্রতিষ্ঠানের বয়স উদ্‌যাপন নয়; বরং সাংবাদিকতার দায়িত্ববোধ, পেশাগত স্বীকৃতি, সাংগঠনিক ঐক্য এবং সমাজের প্রতি দায়বদ্ধতার নতুন অঙ্গীকার।

সত্যের পক্ষে, মানুষের কল্যাণে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয়ে দৈনিক কালের সমাজের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ, গতিশীল ও সাফল্যমণ্ডিত হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!