ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাকৃবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

বাকৃবি | নভেম্বর ১৬, ২০২৬, ০৯:৫৫ পিএম ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাকৃবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসংলগ্ন করিডোরে সাধারণ শিক্ষকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সোনালী দল এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। এসময় বক্তব্য দেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম আদহাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. সামছুল আলম, অধ্যাপক ড. মাহাবুবা জাহান, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, অধ্যাপক ড. মাহবুব আলম, অধ্যাপক ড. মো. শওকত আলী, অধ্যাপক ড. মো. শহীদুল হক, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা।

সমাবেশে বক্তারা সারা দেশে সংঘটিত যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে অধ্যাপক ড. শামসুল আলম আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, সারা দেশে তেমন কোনো ঘটনা না ঘটলেও গোপালগঞ্জে তারা মিছিল, বিরোধিতা ও অগ্নিসংযোগ করেছে। এর মাধ্যমে ২০১৪ সালের অগ্নিসংযোগের ঘটনায় দলটির জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। তাদের সেই পুরোনো প্রশিক্ষণ এখনো রয়ে গেছে ও তা প্রয়োগ করা হচ্ছে।

তিনি আরও বলেন, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং স্বাধীনতার পর থেকেই দেশে সন্ত্রাস সৃষ্টি করে আসছে, যা এখনো চলমান। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়ার সুযোগ নেই এবং সরকারকে দৃঢ় হতে হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং অগ্নিসংযোগের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গণহত্যাকারী, পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরে এসেছে, এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তাদের ফাঁকা বুলি। আমরা দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই ঐক্যবদ্ধ থেকে এর মোকাবিলা করব।

কালের সমাজ/কে.পি

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!