ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ মাটি কাটার হিড়িক, পুলিশের অভিযানে ভেকু ও ড্রাম ট্রাক জব্দ

ঈশ্বরদী (পাবনা) | নভেম্বর ১৬, ২০২৬, ০৮:২৬ পিএম অবৈধ মাটি কাটার হিড়িক, পুলিশের অভিযানে ভেকু ও ড্রাম ট্রাক জব্দ

পাবনার ঈশ্বরদীতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ সময় একটি ভেকু (এক্সকাভেটর) ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থলে চালক না থাকায় তাৎক্ষণিকভাবে যানবাহন দুটি থানায় নেওয়া সম্ভব হয়নি।

রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পদ্মা নদীর কালীতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুকুল হোসেন, এসআই মো. আব্দুল লতিফ ও এসআই মো. আব্দুল আজিজসহ কয়েকজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ঈশ্বরদীর এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ভাতিজা পরিচয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে আসছে। রবিবার রাতেও মাটি কাটার সময় এলাকাবাসী সরকারি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।

অভিযানে অংশ নেওয়া ঈশ্বরদী থানার এসআই মো. আব্দুল লতিফ জানান, জব্দ করা ভেকু ও ড্রাম ট্রাক বর্তমানে ঘটনাস্থলেই রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তাঁরা। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, ৯৯৯ নম্বরে এলাকাবাসীর ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা যানবাহনের চালকসহ পালিয়ে যায়। ভেকু ও ড্রাম ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং সেগুলো থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!