পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা তানভীর ইসলামকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর গ্রামের নিজ বাড়ির পেছনের ধানক্ষেত থেকে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুজ্জামান।
তানভীর ইসলাম আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম রতনের ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তানভীর ইসলামের বিরুদ্ধে আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার পলাতক আসামি ছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে তার অবস্থানের বিষয়ে গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনের ধানক্ষেত দিয়ে পালানোর চেষ্টা করেন তানভীর। পরে পুলিশ ধাওয়া করে ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করে।
আটঘরিয়া থানার ওসি মো. শরিফুজ্জামান জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলার পলাতক আসামি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কালের সমাজ/কে.পি

