আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদগুলোর তালিকা পুনরায় যাচাই করে কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না, সীমানাসংক্রান্ত বিরোধ বা আইনি জটিলতা রয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়ে দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে সংশ্লিষ্ট জেলার সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের একটি তালিকা তৈরি করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং স্থানীয় সরকার বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়।
তবে তালিকায় নির্বাচন উপযোগী সব ইউনিয়নের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না এবং মামলা, আইনি জটিলতা কিংবা সীমানাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে তথ্য হালনাগাদ রয়েছে কি না, তা পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির চিঠিতে আরও বলা হয়েছে, যাচাইয়ের পর ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানাসংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাসসহ অন্য কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন হলে আগামী ৮ নভেম্বরের মধ্যে সংশোধিত তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে হবে।
জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রথম দফার ভোটের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এ লক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। পাঁচ ধাপে স্থানীয় সরকারের এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ইসি।
দেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে বলে জানা গেছে।
এদিকে, ইউপি নির্বাচনের ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এবার মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী কেন্দ্র ৪২৫টি।
এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।
আগামী ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
কালের সমাজ/কে.পি

